মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী

মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী

মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী

এইচ এম মাহমুদ হাসান :

 মাত্র ১৮ মাসে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকার খিলক্ষেতের আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার দুই শিক্ষার্থী। তাদের একজনের বয়স মাত্র ১০ বছর ও আরেকজনের বয়স ১১ বছর।

তারা হলো- হাফেজ আকিকুল ইসলাম ও হাফেজ রাকিবুল ইসলাম। মাদরাসা সূত্রে জানা যায়, হাফেজ আকিকুল ইসলাম মাত্র ১৮ মাসে সম্পূর্ণ কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে। বিশেষ করে হিফজের শেষ আট মাসে সে মুখস্থ করেছে ১৭ পারা। অন্যদিকে, হাফেজ রাকিবুল ইসলামও মাত্র ১৮ মাসে হিফজ সম্পন্ন করেছে।

 তার কৃতিত্বের বিশেষ দিক হলো, শেষ আট মাসেই সে মুখস্থ করেছে ১৮ পারা কুরআন। দুই শিক্ষার্থীর পারিবারিক পরিচয়েও রয়েছে ভিন্নতা। হাফেজ আকিকুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুর। তার বাবার নাম মো: কামরুল ইসলাম। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত।

পরিবারসহ তারা খিলক্ষেত নেভি কলোনিতে বসবাস করে। অন্যদিকে, হাফেজ রাকিবুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর। তার বাবার নাম মো: নজরুল ইসলাম। তিনি জীবিকার তাগিদে প্রবাসে রয়েছেন।

 

অল্প বয়সে স্বল্প সময়ে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার এই সাফল্যে আনন্দিত মাদরাসার শিক্ষক ও এলাকাবাসী। মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ইসহাক কামাল বলেন, ‘পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। অল্প বয়সে আমাদের দুই শিক্ষার্থীর এই অর্জন অত্যন্ত আনন্দের। তাদের মেধা, একাগ্রতা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত ফল এই সাফল্য।

 আমরা আশা করি, তারা কুরআনের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।’ উল্লেখ্য, চলতি বছর আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা থেকে হিফজুল কুরআন সম্পন্নকারী মোট ২৩ জন শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়েছে। মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পাগড়ি পরিয়ে সম্মানিত করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শায়খুল হাদীস মাওলানা সাজিদুর রহমান,

 জামিয়াতুন নূর আল কাসেমিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা নাজমুল হাসান কাসেমী, জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুমের প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মাওলানা লোকমান মাযহারী,

জামিয়াতুল মানহাল আল-কওমিয়ার মুহাদ্দিস মাওলানা আদনান মাসউদ, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং খিলক্ষেত বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নূরুল ইসলাম কাসেমীসহ খিলক্ষেতের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদরাসার সভাপতি আলহাজ্ব এস.এম. ফজলুল হক এর প্রত্যাশা,

 

এসব নবীন হাফেজে কুরআন ভবিষ্যতে কুরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি খিলক্ষেতের সর্বস্তরের জনসাধারণকে মাদরাসার প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখারও আহবান জানান।